কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি বিশেষ টহল দল উপজেলার পালংখালী সীমান্তের কাটাখাল এলাকায় অবস্থান নেয়। ভারী বৃষ্টির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পাহাড়ি পথে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে



















