দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনি। বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, কাঠামোগত সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসইর প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে শেয়ারবাজারের সার্বিক ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো, বাজারের সক্ষমতা বৃদ্ধি এবং ডিএসইর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শেয়ারবাজারকে আরো শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে সম্ভাব্য উদ্যোগ ও সংস্কার পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। এছাড়া ডিএসইর ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির কৌশল এবং বাজারে নতুন পণ্য সংযোজনের বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

বিজনেস আই/


















