ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

টেকনাফের পাহাড়ে মিলল ৩ যুবকের লাশ

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত হলেন- উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। সকালে স্থানীয় কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গেলে মরদেহগুলো পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

নিহত রবির বাবা রুহুল আমিন গণমাধ্যমকে জানান, সকালে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলেকে শনাক্ত করেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারগুলোতে চলছে মাতম।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ