পুঁজিবাজারে টেকসই উন্নয়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ইস্যু ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোম্পানি বা আইপিও বাজারে আনতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এক সভায় এ মন্তব্য করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভায় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদে শক্তিশালী ও স্থিতিশীল করতে কমিশন কাজ করছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, ইস্যু ম্যানেজারদের নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি দুই বছরে অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন জমা দিতে হয়। কিন্তু অনেক প্রতিষ্ঠান এ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সভায় তিনি আরও জানান, পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করার প্রস্তুতি নিচ্ছে কমিশন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

আলোচনায় পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মধ্যে ছিল নতুন ইস্যুয়ার তালিকাভুক্তি, ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে বাজারে আনা, কর্পোরেট সুশাসন নিশ্চিত করা, তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করা, প্রক্রিয়াধীন ইস্যুগুলোর অগ্রগতি, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লোকসানের জন্য প্রভিশন সংরক্ষণ, বন্ড মার্কেটের মাধ্যমে অর্থায়ন এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তোলার কৌশল।
সভায় অংশগ্রহণকারী ইস্যু ম্যানেজাররা তাদের পাইপলাইনে থাকা ইস্যুগুলোর সর্বশেষ অবস্থা তুলে ধরেন এবং শিগগিরই নতুন কোম্পানি ও আইপিও বাজারে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সভায় ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবি ইনভেস্টমেন্ট, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট, আইডিএলসি ইনভেস্টমেন্টস, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসসহ শীর্ষ মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ, সাইফুদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।


















