ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলা

ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন কূটনৈতিক সহায়তা কেন্দ্রে মঙ্গলবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক নিরাপত্তা কর্মকর্তা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ সতর্কবার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কম্পাউন্ডটির দিকে ছয়টি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে পাঁচটি ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করলেও একটি ড্রোন স্থাপনার ভেতরে একটি প্রহরী টাওয়ারের কাছে আঘাত হানে। হামলার সময় সেখানে অবস্থানরত কর্মীদের দ্রুত মাটিতে ঝুঁকে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই স্থাপনাটি মার্কিন কূটনীতিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা কেন্দ্র এবং এটি ইরাকি সামরিক ঘাঁটির কাছাকাছি অবস্থিত।

কর্মকর্তাদের ধারণা, হামলাটি ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক চালিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চলমান সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবেই এ হামলা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১,৩০০ এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানের হামলায় তাদের ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ সংঘাতে সাতজন মার্কিন সেনা নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ