আগামী দিনে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি তার দেশের এই আগ্রহের কথা জানান। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
সাক্ষাৎ শেষে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামীদিনে একসঙ্গে কাজ করার বিভিন্নদিক নিয়ে আলোচনা হয়েছে। এর আগে চীনের রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন।
আসন্ন নির্বাচন নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা নির্বাচন নিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কোনো উদ্বেগ নেই। তবে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের। রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামীদিনে বাংলাদেশে যে নির্বাচিত সরকার আসবে তার সঙ্গে চীন ঘনিষ্টভাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও বিভিন্ন সেক্টরে ঘনিষ্ট উন্নয়ন সহযোগী। আগামী দিনেও তারা উন্নয়ন সহযোগী হিসেবে কিভাবে কাজ করতে পারে, বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা, ভূমিকা রাখতে পারে সেসব বিষয়ে মতবিনিময় হয়েছে।


















