২ দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে গত শনিবারে মধ্যরাতে ঢাকা, খুলনা, বগুড়াসহ ১৫ জেলায় ডিসি নিয়োগ ও বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর গতকাল রোববার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল নতুন ডিসি পাওয়া জেলাগুলো হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। এর আগে শনিবার মধ্যরাতে দেয়া হয়েছিল ঢাকা, হবিগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, নোয়াখালী, পিরোজপুর, গাজীপুর, কুষ্টিয়া, ভোলা, বরগুনা, বাগেরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা, খুলনা, সিলেট এই ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া পুরোনো ডিসিদের সরিয়ে নতুন করে নিয়োগের যে পরিকল্পনা ছিল,সেটি আপাতত বাস্তবায়িত হচ্ছে না। বরং বর্তমান সরকারের আমলে যারা ডিসি পদে নিয়োগ পেয়েছিলেন, তাদের বেশির ভাগকেই অন্যান্য জেলায় বদলি করা হয়েছে। কিছু নতুন মুখ যোগ হলেও, তা সংখ্যায় অল্প। এর মধ্যে বিসিএস ২৫ ব্যাচের ১জন, বিসিএস ২৭ ব্যাচের ১জন, ২৮ ব্যাচের ৪জন ও ২৯ ব্যাচের ৩জন নিয়োগ পেয়েছেন।
শনিবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে ৯ জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়। এর মধ্যে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৭ জন ডিসির মধ্যে ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। হবিগঞ্জের ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, বগুড়ার ডিসি হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগে,মাগুরার ডিসি মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়, নোয়াখালীর ডিসি ইসতিয়াক আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগ,পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ ছাড়া গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব পদে এবং গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
১৫জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি)রা হলেন, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর,বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড.শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।



















