ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন

নেপালে উত্তাল সরকারবিরোধী আন্দোলন, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

নেপালে ক্রমেই জোরদার হচ্ছে সরকারবিরোধী আন্দোলন। তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন এখন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে রূপ নিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এক বিবৃতিতে জানায়, বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনগণের আস্থা হারিয়েছে। দলের সাধারণ সম্পাদক কবীন্দ্র বুরলাকোতি বলেন, নেপালি কংগ্রেস এবং সিপিএন-ইউএমএল জোট সরকারের ব্যর্থতার কারণেই দেশ আজ অচল অবস্থার মুখে। তাই তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি জানাচ্ছেন। একইসঙ্গে বিক্ষোভে নিহতদের হত্যার তদন্তে উচ্চপর্যায়ের কমিশন গঠন এবং দায়ীদের গ্রেপ্তারেরও দাবি জানানো হয়েছে।

কাঠমান্ডু পোস্ট জানায়, গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে নেপালে সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হতে বলা হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতে প্রধানমন্ত্রী ওলির সরকার ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন না করায় সরকার ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রামসহ মোট ২৬টি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করে, যা ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয় দেশের তরুণ প্রজন্ম, বিশেষত শিক্ষার্থী সমাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে তারা আন্দোলনের প্রস্তুতি নেয় এবং ৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। পরদিন সোমবার তা রীতিমতো ব্যাপক আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি থাকলেও শিক্ষার্থী-জনতা রাস্তায় নেমে আসে। পুলিশের গুলি ও দমন-পীড়নে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

বিক্ষোভ এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞার প্রতিবাদেই সীমাবদ্ধ নয়, বরং এটি সরকারবিরোধী একটি পূর্ণাঙ্গ আন্দোলনে রূপ নিয়েছে। আন্দোলনকারীরা দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং সরকারের পতনের আহ্বান জানাচ্ছেন। এ অবস্থায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এখন প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। তথ্যসূত্র : কাঠমান্ডু পোস্ট

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ