প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রায় ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উক্ত তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএসইসির পরিদর্শনে প্রমাণ মিলেছে যে, এই তিন প্রতিষ্ঠান মার্জিন ঋণের অপব্যবহার করে অর্থপাচারের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।
উল্লেখ্য, আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসি নিয়মিতভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে থাকে। এই তদন্তও তারই অংশ।



















