ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ন

সবজির বাজার চড়া, পেঁয়াজের দামও বাড়তি

রাজধানীর বাজারে এখন সব ধরনের সবজির দামই বাড়তি। ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই বললেই চলে। অথচ মাসখানেক আগেও ৩০ থেকে ৪০ টাকা কেজির মধ্যে অনেক সবজিই পাওয়া গেছে। এদিকে দেশে বোরো মৌসুমের নতুন ধান কাটা শুরু হলেও চালের দাম কমেনি। এছাড়া, নতুন করে পেঁয়াজের দাম না বাড়লেও বেড়ে যাওয়া দাম স্থির রয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শান্তিনগর, তুরাগ এলাকার নতুন বাজার ও শান্তিনগর বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দরদামের এ চিত্র পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলেছেন, শীত মৌসুমে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক বেশি থাকে। ফলে এ সময় সবজির দাম কমে আসে। কিন্তু এখন সে তুলনায় গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম। তাই দাম বেশি। গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্য করল্লা, ঝিঙে, ধুন্দুল, ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা, বরবটি, পটোল ৮০ থেকে ৯০ টাকা, কচুর লতি, চিচিঙ্গা ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এক মাস আগেও এসব সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে।

তবে টম্যাটো, পেঁপে ও আলুর দাম তুলনামূলক কম আছে। প্রতি কেজি টমেটো ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা ও আলু ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া, কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপণ্যের বাজার দর নিয়ে প্রতিবেদন তৈরি করে। সংস্থাটির এই প্রতিবেদনের তথ্য বলছে, গতকাল খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণার দাম কেজিতে দুই টাকা বেড়ে ৫২ থেকে ৫৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭২ থেকে ৮৫ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৭ থেকে ৬৫ টকায় বিক্রি হচ্ছে।

বাজারে মাছের দামও কিছুটা বাড়তি। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশিতে বিক্রি হতে দেখা গেছে। তবে ব্রয়লার মুরগির দাম কমেছে। কেজিতে ২০ টাকা কমে গতকাল বাজারে তা ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরুর মাংসের দামও কিছুটা কমেছে। গত রোজার ঈদের সময় প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা বিক্রি হলেও এখন তা বাজারভেদে ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ