ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন

ভয়ভীতি দেখিয়ে তদন্ত কার্যক্রম বন্ধ করা যাবে না: ডিএসই চেয়ারম্যান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, অনিয়মকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যে তদন্ত কার্যক্রম চলছে এ কাজের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত আছি। আমরা তাদের (বিএসইসি) বলেছি, আপনারা শক্ত হাতে হাল ধরেন। এভাবে ভয়ভীতি দেখিয়ে তদন্ত কার্যক্রম বন্ধ করা যাবে না। আমরা সবাই সম্মিলিতভাবে এটা মোকাবিলা করবো।

রোববার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক শেষে এ কথা বলেন ডিএসই চেয়ারম্যান।

মমিনুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার মাধ্যমে বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয়। আমরা চেয়ারম্যান কমিশনারদের অবুরুদ্ধ করে রাখার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে এই অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার কিছু নেই। যা ঘটার ঘটে গেছে, এখন বিনিয়োগকারীদের আশ্বস্ত করছি তারা যেন হতাশ না হন। চলমান সমস্যা সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, কমিশন কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলে তার যদি মনে হয় যে তার সাথে নিয়ম বহির্ভূত কিছু করা হচ্ছে তবে সে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আবেদন করতে পারেন। কিংবা আদালতেও যেতে পারেন। কিন্তু এ ধরণের উগ্র আচরণ কখনই সমাধান হতে পারেনা। আমরা কমিশন কে বলেছি শক্ত হাতে এর ব্যবস্থা গ্রহণের জন্য।

অতীতে এবং এখনো যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থেকে পুঁজিবাজার ক্ষতি করার চেষ্টা করছেন তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

মমিনুল ইসলাম আরও জানান, উদ্ভূত ঘটনায় শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ ঘটনায় কেউ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, তার জন্য স্টক এক্সচেঞ্জের সারভিলেন্স এবং মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে।

এর আগে রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বর্তমান পরিস্থিতি নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের (স্টেকহোল্ডাররা) সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতৃত্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), শীর্ষ ব্রোকারেজ হাউস, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন