জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বাতিল করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, এ মামলায় হাইকোর্টের দেওয়া সাজা বাড়ানোর রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষে আদালত রায়ের জন্য ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছিলেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট এই সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে আপিলের পর দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট তাকে খালাস দিলেন।
খালেদা জিয়ার পক্ষে মামলা পরিচালনা করা জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আদালতের এই রায় ন্যায়বিচারের দৃষ্টান্ত। অপরাধ না করেও দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে সাজা ভোগ করেছেন তিনি।

বিএনপির আইনজীবীরা আশা করছেন, মামলার অন্য অভিযুক্তদের জন্যও এই রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে, রায়ের পর দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে।


















