মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জালিয়াতির অভিযোগ তুলে শিরোপা হারালেন আর্জেন্টিনার মডেল মাগালি বেনেজাম। মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানায়, মাগালির মন্তব্য এবং সংস্থার নীতিমালা বিবেচনায় তার মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাগালি। তিনি অভিযোগ করেন, ফলাফলে হস্তক্ষেপ করে কিছু প্রতিযোগীকে সুবিধা দেওয়া হয়েছিল। তার মন্তব্য ও প্রতিযোগীদের আচরণের সমালোচনা সংস্থার নজরে আসে।
মাগালি বেনেজাম গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪-এর শিরোপা জিতেছিলেন এবং মেক্সিকোর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা ১২-তে জায়গা করেছিলেন। তবে তার মন্তব্যের জেরে চলতি বছরের ২ জানুয়ারি তাকে শিরোপা হারাতে হয়।
মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের নীতির অখণ্ডতা রক্ষার প্রয়াস এবং সর্বোচ্চ পেশাদার আচরণ বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে।



















