ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন

ভ্রমণকে সহজ করবে দরকারি গ্যাজেট: ভ্রমণপ্রেমীদের জন্য পরামর্শ

ভ্রমণ মানেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে কখনো কখনো এতে কিছু জটিলতা দেখা দিতে পারে। আধুনিক প্রযুক্তি এই অসুবিধাগুলো দূর করতে পারে সহজেই। ভ্রমণকে আরও আরামদায়ক ও ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় কিছু গ্যাজেটের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব। এগুলো ছোট আকারের ও সহজে বহনযোগ্য, যা যেকোনো ভ্রমণের জন্য অত্যন্ত কার্যকর।

১. পাওয়ার ব্যাংক

অপরিচিত শহরে ফোন বা ট্যাবলেটের চার্জ ফুরিয়ে গেলে বিপদে পড়তে হয়। ১০ হাজার এমএএইচ বা তার বেশি ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক সবচেয়ে উপযোগী। এতে একাধিক ডিভাইস চার্জ দেওয়া যায়, যা ভ্রমণে অপরিহার্য।

২. নয়েজ ক্যানসেলিং ইয়ারবাড বা হেডফোন

ভ্রমণের সময় কোলাহলপূর্ণ পরিবেশে শান্তি এনে দেয় নয়েজ ক্যানসেলিং ইয়ারবাড। বিশেষত এএনসি প্রযুক্তি আশপাশের শব্দ কমিয়ে দেয়, যা গান শোনা ও মানসিক চাপ কমানোর জন্য কার্যকর।

৩. লাগেজ ট্র্যাকার

লাগেজ হারানোর সমস্যা এড়াতে ট্র্যাকার একটি চমৎকার গ্যাজেট। ব্যাগে ট্র্যাকার যুক্ত করলে এটি সহজেই শনাক্ত করা সম্ভব হয়।

৪. ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ

ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণের জন্য ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা এক্সটারনাল এসডি কার্ড সঙ্গে রাখা দরকার। এটি দ্রুত তথ্য স্থানান্তর ও সংরক্ষণে সহায়তা করে।

৫. ডিজিটাল ওয়েইং স্কেল

বিমান ভ্রমণে ব্যাগেজের ওজন নিয়ে জটিলতা এড়াতে ডিজিটাল ওয়েইং স্কেল একটি কার্যকর সমাধান। পোর্টেবল ডিজিটাল স্কেলের মাধ্যমে ঘরে বসেই ব্যাগের ওজন মাপা যায়।

৬. ট্রাভেল অ্যাডাপ্টার

বিভিন্ন দেশে ভিন্ন পাওয়ার প্লাগ ব্যবহারের কারণে চার্জ দিতে সমস্যা হয়। একটি ভালো মানের ট্রাভেল অ্যাডাপ্টার এই সমস্যা সমাধান করে। অনেক অ্যাডাপ্টারে ইউএসবি পোর্টও থাকে।

৭. হ্যান্ডহেল্ড বৈদ্যুতিক ফ্যান

গরম আবহাওয়ার দেশে ভ্রমণে হ্যান্ডহেল্ড বৈদ্যুতিক ফ্যান বেশ উপকারী। এটি হালকা, রিচার্জযোগ্য এবং বিভিন্ন গতিতে চলতে সক্ষম।

প্রযুক্তির এই গ্যাজেটগুলো ভ্রমণকে শুধু সহজই করে না, বরং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে। তাই পরবর্তী ভ্রমণে প্রয়োজনীয় গ্যাজেটগুলো সঙ্গে রাখতে ভুলবেন না!

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ