ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

কিউআর কোড স্ক্যান করে প্রতারণার শিকার পুলিশ সদস্য

ভারতের মহারাষ্ট্রের পুণেতে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনায় এক পুলিশ কনস্টেবল তার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা হারিয়েছেন। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রতারণার এই ফাঁদে পড়েন তিনি।

প্রতারণার শুরু কিউআর কোড দিয়ে

পুণের সাসওয়াড় গ্রামীণ পুলিশের এক কনস্টেবল দোকানে কেনাকাটার পর কিউআর কোড স্ক্যান করে টাকা পরিশোধ করেন। তবে এর কিছুক্ষণ পরই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৮ হাজার ৭৫৫ টাকা কেটে নেওয়া হয়।

বড় অঙ্কের টাকা লেনদেন

পরে তার স্যালারি অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ২৫০ টাকা তুলে নেওয়া হয়। গোল্ড লোন অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৯০ হাজার টাকা লেনদেনের জন্য একটি ওটিপি আসে। কনস্টেবল দাবি করেন, তিনি ওটিপি কাউকে শেয়ার করেননি। তবুও প্রতারকরা লেনদেন সম্পন্ন করে।

ক্রেডিট কার্ডেও হাত দেওয়ার চেষ্টা

এছাড়া প্রতারকরা তার ক্রেডিট কার্ড থেকেও ১৪ হাজার টাকা তোলার চেষ্টা করে। তবে অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ করায় সেই চেষ্টাটি ব্যর্থ হয়।

প্রতারণার পদ্ধতি

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতারকরা ম্যালিসিয়াস ফাইল পাঠিয়েছিল ওই পুলিশ সদস্যের মোবাইলে। তিনি অজান্তে ফাইলে ক্লিক করায় তার মোবাইল ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। এর মাধ্যমেই তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়ে টাকা তুলে নেয় চক্রটি।

পুলিশের অভিযোগ ও সতর্কতা

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কনস্টেবল। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অজানা কোনো লিঙ্ক বা ম্যালিসিয়াস ফাইলে ক্লিক করা থেকে বিরত থাকতে এবং কিউআর কোড স্ক্যান করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে।

এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ