টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জিতে দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে বাংলাদেশের যুব দল। রোববার দুবাইয়ে ফাইনালে শক্তিশালী ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা ধরে রেখেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
চ্যাম্পিয়ন যুব দল আজ সোমবার রাতে দেশে ফিরছে। তাদের সঙ্গে থাকবেন কোচিং স্টাফের সদস্যরাও। রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে বিশেষ সংবর্ধনা ও ডিনারের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে দলের জন্য পুরস্কার ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
জুনিয়র টাইগারদের সাফল্যে দেশজুড়ে চলছে অভিনন্দনের জোয়ার। তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম অভিনন্দন বার্তায় লিখেছেন, “এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা। দারুণ করেছো ছেলেরা। মাশাআল্লাহ।”
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অভিনন্দন যুবারা। তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর।”

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশের ক্রিকেটে নতুন উদ্দীপনা যোগ করেছে অনূর্ধ্ব-১৯ দল। আজ রাতে তাদের বরণ করতে উন্মুখ ক্রিকেটপ্রেমী বাংলাদেশ।


















