ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন

ইধিকা-দেবের নতুন রোমান্সে মাতলো টলিপাড়া

বড়দিনের উপহার হিসেবে আবারও বড়পর্দায় চমক নিয়ে আসছেন টলিউড তারকা দেব। এবারের ছবি ‘খাদান’, যেখানে একেবারে নতুন জুটি হিসেবে দেখা গেছে দেব ও ইধিকা পালকে। সিনেমার প্রথম রোমান্টিক গান ‘কিশোরী’ মুক্তির পরই সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও অন্তরা মিত্র, সুর দিয়েছেন রঞ্জিত নিজেই।

ছবির টিজারে দেখা গেছে, দ্বৈত চরিত্রে বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তার সংলাপ, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’ ইতিমধ্যে ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

ছবির দুটি গান ‘রাজার রাজা’ এবং ‘হায় রে বিয়ে’ ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছে। সংগীত পরিচালনায় রয়েছেন নীলায়ন চ্যাটার্জি, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য।

প্রতি বছর বড়দিনে নিজের জন্মদিন উপলক্ষে নতুন সিনেমা নিয়ে আসেন দেব। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর এবার ‘খাদান’ হতে যাচ্ছে সেই ধারাবাহিকতার নতুন সংযোজন। ছবিতে দেব-ইধিকার পাশাপাশি অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, সুজন নীল ভট্টাচার্যের মতো তারকারা।

সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। বড়দিনের মুক্তি উপলক্ষে ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ