ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

সমালোচনার মুখে বাংলাদেশ নিয়ে পোস্ট ডিলিট করলেন লগ্নজিতা

কলকাতার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির বিষয়ে মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

পোস্টে লগ্নজিতা লেখেন, *“ভেবেছিলাম হিন্দু-মুসলিমের এই বিভাজন আমরা পেছনে ফেলে এসেছি। ২০২৪ সালে এসে আবার এ নিয়ে কথা বলতে হবে, তা ভাবিনি।”* এই বক্তব্য ঘিরে ট্রোলিং শুরু হয়। অনেকে তাকে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট না বোঝার জন্য কটাক্ষ করেন। কেউ কেউ তাকে বাংলাদেশের শ্রোতা ধরে রাখার কৌশল হিসেবে এই পোস্ট দেওয়ার অভিযোগও করেন।

তবে সমালোচনা চুপচাপ মেনে নেননি লগ্নজিতা। তিনি পাল্টা মন্তব্য করে লিখেন, *“আমার শিক্ষার অভাব নিয়ে যাদের আপত্তি, তাদের জানাতে চাই আমি সম্প্রীতির শিক্ষা রবীন্দ্রনাথ ও নজরুল থেকে পেয়েছি। ওনারাও কি রাজনৈতিক ছিলেন?”*

তীব্র বিতর্কের জেরে রোববার তিনি তার ফেসবুকের সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হন। নতুন পোস্টে গায়িকা লেখেন, *“আমার পরিবার এবং ব্যান্ডের অনুরোধে পোস্টগুলো ডিলিট করেছি। সমালোচকরা জিতেছেন। এবার আনন্দ করুন।”*

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ভক্ত ও সমালোচকরা দুই পক্ষেই মতামত দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ