ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন

হৃদরোগে আক্রান্ত সংগীতশিল্পী তপন চৌধুরী, অস্ত্রোপচার সম্পন্ন

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী তপন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে কানাডা প্রবাসী এই গায়ক গত চার দশক ধরে সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘মন শুধু মন ছুঁয়েছে’।

সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তপন চৌধুরীর অসুস্থতার খবর। তিনি লিখেছেন, _”গত ৪ দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছে। পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন।”_

১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে _‘মন শুধু মন ছুঁয়েছে’_ পরিবেশন করার পর গানটি তুমুল জনপ্রিয়তা পায়। সোলস ব্যান্ডের সঙ্গে দীর্ঘ ২২ বছর কাজ করে তিনি একক ক্যারিয়ার শুরু করেন। এ পর্যন্ত প্রায় ৩০০ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

তপন চৌধুরীর কালজয়ী গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য: _‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘আমি দেবদাস হতে পারব না’_ প্রভৃতি।

সংগীতপ্রেমীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ