শিল্প যে শুধু সৃজনশীলতার বহিঃপ্রকাশ নয়, বরং সামাজিক পরিবর্তনের হাতিয়ার হতে পারে, তা প্রমাণ করেছে কিছু সুবিধাবঞ্চিত কিশোরীর শিল্পকর্ম। তাদের শিল্পে ফুটে উঠেছে সমাজে বিদ্যমান অসমতা, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং প্রচলিত সামাজিক প্রথা বদলের আহ্বান।
‘আর্টিভিজম’ প্রদর্শনী: শিল্পের মাধ্যমে পরিবর্তনের বার্তা
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং অ্যালায়েন্স ফ্রাঁসেজ ডি ঢাকার আয়োজনে শুরু হয়েছে ‘আর্টিভিজম’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। ১৬ দিনের অ্যাক্টিভিজম কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রদর্শনীতে ১২ জন কিশোরী তাদের ২৪টি ক্যানভাসে তুলে ধরেছে সমতা, অন্তর্ভুক্তি এবং সুরক্ষার জন্য দৃঢ় বার্তা।
শিল্পকর্মগুলোতে কিশোরীরা সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়ে দেখিয়েছে, কীভাবে সুযোগ ও সমানাধিকারের পথে বাধা দূর করা যায়।
প্রদর্শনীতে বিশিষ্টজনদের উপস্থিতি
শনিবার রাজধানীর ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রাঁসেজ ডি ঢাকায় প্রদর্শনীর উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মাটিল্ডা সভ্যান্সন এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত।
প্রদর্শনী খোলা থাকবে ৭ ডিসেম্বর পর্যন্ত
শিল্পী সারাহ জাবিনের তত্ত্বাবধানে তৈরি এসব শিল্পকর্ম দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।



















