শাহরুখ খানের মতোই ভক্তদের সঙ্গে জমজমাটভাবে ৪৬তম জন্মদিন উদযাপন করলেন টলিউড সুপারস্টার জিৎ। মাঝরাতে বাড়ির সামনে জড়ো হওয়া ভক্তদের জন্য বারান্দায় এসে হাত নাড়লেন তিনি। এক মুহূর্তের জন্য থেমে গেলেন না উচ্ছ্বসিত ভক্তরা, ঠিক যেমনটা দেখা যায় মুম্বাইয়ে শাহরুখের মান্নাতের সামনে।
সকালের আলো ফুটতেই আবারও বাড়ির সামনে ভক্তদের ঢল। সাদা-কালো শার্ট এবং কালো ট্রাউজার্স পরে দোতলার বারান্দায় হাজির হন জিৎ। সঙ্গে ছিলেন স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা, ছেলে রোনাভ এবং পরিবারের অন্য সদস্যরা। হাতে মাইক্রোফোন তুলে জিৎ বলেন, ‘আমি ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর রাক্ষসও নই যে মেরে দেব।’ তাঁর জনপ্রিয় সিনেমা শত্রু ১-এর এই সংলাপ শুনে ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়।
এরপর নায়ক নেমে আসেন একতলায়। সেখানে নানা স্বাদের কেক সাজানো ছিল বড় টেবিলে। রেড ভেলভেট থেকে শুরু করে ব্ল্যাকফরেস্ট— একের পর এক কেক কেটে ভক্তদের মিষ্টিমুখ করান জিৎ। পুরো সময়টাতে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে ভোলেননি তিনি।
জিতের এই জন্মদিন উদযাপনের মুহূর্তগুলো ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভক্তরা তাঁর উদযাপনের মধ্যে খুঁজে পেয়েছেন শাহরুখ খানের স্টাইল। জন্মসূত্রে অবাঙালি হলেও বাংলা সিনেমায় তাঁর অবদান এবং ভক্তদের প্রতি ভালোবাসা যেন দিন দিন আরও গভীর হচ্ছে।
সম্প্রতি মুক্তি পাওয়া ব্যুমেরাং সিনেমা দিয়ে জিৎ প্রমাণ করেছেন যে তিনি বিনোদনধর্মী ছবিতে এখনও অপ্রতিদ্বন্দ্বী। তবে জন্মদিনে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘একসাথে এক হয়ে এগিয়ে চলার মানে জিৎ।’



















