ঢাকা, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

গুগল ড্রাইভ ব্যবহারে ছয়টি ‘টিপস অ্যান্ড ট্রিকস’

গুগলের ক্লাউডভিত্তিক স্টোরেজ পরিষেবা হলো গুগল ড্রাইভ। এটি ব্যবহারকারীকে ফাইল, ছবি, ভিডিও ও অন্যান্য ডকুমেন্ট অনলাইনে সংরক্ষণ করার সুযোগ দেয়।

গুগলের ক্লাউডভিত্তিক স্টোরেজ পরিষেবা হলো গুগল ড্রাইভ। এটি ব্যবহারকারীকে ফাইল, ছবি, ভিডিও ও অন্যান্য ডকুমেন্ট অনলাইনে সংরক্ষণ করার সুযোগ দেয়। ড্রাইভে এমন কিছু ফিচার রয়েছে, যা এসব ফাইল সহজে সংগঠিত, শেয়ার ও অ্যাকসেসে সাহায্য করে। তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টুল অনেক সময় ব্যবহারকারীদের চোখ এড়িয়ে যায়। গুগল ড্রাইভ ব্যবহারের ক্ষেত্রে ছয়টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করেছে প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট মেকইউজঅব। তাদের মতে, এগুলো কাজের গতি বাড়িয়ে দিতে সহায়ক হতে পারে—

গুরুত্বপূর্ণ ফাইল ও ফোল্ডার স্টার চিহ্নিত করা

গুগল ড্রাইভে অনেক ফাইল ও ফোল্ডারের মধ্যে নির্দিষ্ট কোনো ফাইল খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে যেসব ফাইল বা ফোল্ডার বেশি ব্যবহার করা হয়, সেগুলো ‘স্টার’ করে রাখলে সহজেই খুঁজে পাওয়া যায়। এটি বারবার একই ফাইল খোঁজার ঝামেলা কমিয়ে দেয়। গুগল ড্রাইভে ফাইল বা ফোল্ডার স্টার করতে, নির্দিষ্ট ফাইল ও ফোল্ডারের ওপর রাইট-ক্লিক করতে হবে। এরপর অর্গানাইজ > অ্যাড টু স্টার্ড অপশনটি নির্বাচন করতে হবে। একবার স্টার করা হলে এসব ফাইল ড্রাইভের বামে সাইডবারের ‘স্টার্ড’ সেকশনে দেখা যাবে।

অ্যাডভান্সড সার্চ দিয়ে ফাইল খোঁজা

গুগল ড্রাইভে ফাইল ও ফোল্ডার খুঁজতে সাধারণ সার্চ ফিচার তো ব্যবহার করাই যায়। তবে দ্রুত ও নির্ভুল ফলাফলের জন্য সার্চ বক্সের পাশে থাকা অ্যাডভান্সড সার্চ অপশনটি ব্যবহার করা যায়। এটি বিশেষত তখন কাজে আসে, যখন ড্রাইভে অনেক ডকুমেন্ট থাকে ও নির্দিষ্ট কিছু খুঁজে বের করার প্রয়োজন হয়। যেমন ‘type:pdf owner:me before:2023’ লিখলে ২০২৩ সালের আগে তৈরি করা সব পিডিএফ ফাইল চলে আসবে।

অফলাইন অ্যাকসেস সেটআপ

যদি ইন্টারনেট অ্যাকসেস না থাকে, সেক্ষেত্রে গুগল ড্রাইভের ফাইলগুলোর জন্য অফলাইন অ্যাকসেস সেটআপ করা একটি কার্যকর সমাধান হতে পারে। টুলটি ইন্টারনেট সংযোগ ছাড়াই ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন দেখা ও সম্পাদনা করতে দেবে। অফলাইন অ্যাকসেস চালু করতে ড্রাইভের সেটিংসে গিয়ে ‘অফলাইন’ সেকশনের অধীনে থাকা বক্সটি নির্বাচন করতে হবে।

‘সেভ টু গুগল ড্রাইভ’ এক্সটেনশন ব্যবহার

অনেকেই ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার পর সেগুলো আবার গুগল ড্রাইভে আপলোড করেন। এক্ষেত্রে সেভ টু গুগল ড্রাইভ ব্রাউজার এক্সটেনশনটি সহায়ক হতে পারে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে যেকোনো ফাইল বা ওয়েব পেজ সেভ করার সময়, সেটির ওপর রাইট ক্লিক করে সেভ টু গুগল ড্রাইভ অপশনটি নির্বাচন করতে হবে। যারা নিয়মিত অনলাইনে কনটেন্ট সংরক্ষণ করেন তাদের জন্য এ এক্সটেনশন অবশ্যই থাকা জরুরি বলে জানান প্রযুক্তিসংশ্লিষ্টরা।

ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে ড্রাইভে প্রবেশ

এর ফলে প্রতিবার গুগল ড্রাইভের ফাইলে যেতে ব্রাউজার খুলতে হবে না। ব্যবহারকারী চাইলে উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারে গুগল ড্রাইভ যুক্ত করে সরাসরি ডেস্কটপ থেকে ফাইল খুলতে ও আপলোড করতে পারেন। এর জন্য ‘গুগল ড্রাইভ ফর ডেস্কটপ’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এবার ফাইল এক্সপ্লোরারে একটি ফোল্ডার তৈরি করলেই সেখান থেকে ড্রাইভের ফাইলগুলো দেখা ও ব্যবহার করা যাবে।

কিবোর্ড শর্টকাট ব্যবহার

অন্যান্য পরিষেবার মতো গুগল ড্রাইভও কিবোর্ড শর্টকাট সমর্থন করে। যেমন Ctrl+A (সব সিলেক্ট করা) অথবা Ctrl+Z (আনডু) করা। গুগল ড্রাইভের ক্ষেত্রে ‘/’(ফরওয়ার্ড স্ল্যাশ) কি চাপলে সরাসরি সার্চ বারে চলে যাবে। ‘Alt+N’ চাপলে নতুন মেনু খুলে যাবে। ড্রাইভের সব কিবোর্ড শর্টকাট দেখতে ‘Ctrl+/’ চাপতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ