ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১:১৬ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় আজ (২১ নভেম্বর) সকাল থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। মেঘনা সেতুতে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে এ যানজট তৈরি হয়। আট কিলোমিটারজুড়ে সড়ক কার্যত স্থবির হয়ে পড়েছে, যাত্রীদের চরম ভোগান্তিতে দিন কাটছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, সকাল সাতটার দিকে সেতুর ওপর সুতাবোঝাই ট্রাকটি উল্টে যায়। ট্রাক থেকে মালামাল না সরানো পর্যন্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

মহাসড়কজুড়ে থেমে থাকা গাড়ির সারি দীর্ঘ হয়ে পড়েছে। চালকরা স্টার্ট বন্ধ করে অপেক্ষা করছেন। কয়েকজন যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করলেও অধিকাংশ যাত্রী আটকে আছেন।

পুলিশ জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এক লেন দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে। দুপুরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

অবস্থা দ্রুত স্বাভাবিক না হলে যানজটের প্রভাব আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ