কন্যাশিশুদের প্রতি চলমান যৌন সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। একই সঙ্গে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত একটি আলাদা শিশু বিষয়ক কমিশন গঠনের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় আবারও কন্যাশিশুদের প্রতি সহিংসতা এবং নিরাপত্তার ঘাটতির বিষয়টি সামনে এসেছে।
সোমবার (২২ অক্টোবর) এমজেএফের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সী মোট ১২ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের সঙ্গে ৫২১টি সহিংসতার ঘটনা ঘটেছে।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম স্বাক্ষরিত বিবৃতিতে কন্যাশিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের অভাবের কথা উল্লেখ করা হয়। বিশেষত ৭ থেকে ১২ বছর বয়সী কন্যাশিশুরা যৌন সহিংসতার শিকার হচ্ছে, যার মধ্যে পথশিশু, প্রতিবন্ধী শিশু, আদিবাসী শিশু এবং গৃহকর্মীরাও রয়েছে।
এমজেএফ শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। এছাড়াও শিশু নির্যাতন দমনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।



















