ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন

ব্রাউজিংয়ের তথ্য মুছে ফেলবে গুগল

ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোড থেকে সংগ্রহ করা তথ্য মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল। এসব তথ্য থেকে ব্যবহারকারীদের অনুসরণ করার অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তিতে এ উদ্যোগ নেয়ার কথা জানাল প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে সম্প্রতি দাখিল করা নথিতে এ তথ্য উঠে এসেছে। মামলার অভিযোগে বলা হয়, অ্যালফাবেট মালিকানাধীন গুগল অ্যানালিটিকস, কুকিজ ও অ্যাপগুলো ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোডে ব্যবহারকারীদের অন্যায়ভাবে অনুসরণ করেছে। গুগলের মুখপাত্র জো কাস্টানেডা জানান, এ মামলা ভিত্তিহীন। তবে গুগল সমঝোতায় পৌঁছাতে পেরে খুশি।

মুখপাত্র আরো জানান, ইনকগনিটো মোড ব্যবহারের সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হলেও সেগুলো গুগল ব্যবহার করেনি। নতুন উদ্যোগের অংশ হিসেবে আগের তথ্য মুছে ফেলা হবে।

বাদীপক্ষের আইনজীবীরা মামলা নিষ্পত্তির জন্য ৫০০-৭৮০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দাবি করেছিলেন। কিন্তু গুগলকে এখন কোনো জরিমানা দিতে হচ্ছে না। তবে ব্যবহারকারীরা চাইলে ক্ষতিপূরণের জন্য স্বতন্ত্রভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবেন।

২০১৬ সালের ১ জুন থেকে গুগলের প্রাইভেট ব্রাউজিং ব্যবহার করা লক্ষাধিক ব্যবহারকারীর প্রতিনিধিত্বকারী মামলাটি ২০২০ সালে দায়ের করা হয়। এর আগে গুগল দাবি করেছিল, তাদের ব্রাউজারের ইনকগনিটো মোড ব্যবহারকারীদের ব্রাউজিং ইতিহাস, কুকিজ, সাইট ডাটা বা ফর্ম এন্ট্রি সংরক্ষণ করবে না। মামলা নিষ্পত্তির অংশ হিসেবে গুগল ইনকগনিটো মোডে কী তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু করে দিয়েছে কোম্পানিটি। এছাড়া ব্যবহারকারীদের জন্য পাঁচ বছরের থার্ড পার্টি কুকিজ ব্লক করার সুযোগ চালু করা হবে বলেও কোম্পানি সূত্রে জানা গেছে।

বাদীপক্ষের আইনজীবীরা বলেন, ‘এ চুক্তির ফলে গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত ব্রাউজিং সেশন থেকে কম তথ্য সংগ্রহ করবে ও সেগুলো থেকে কম অর্থ উপার্জন করবে বলে সম্মত হয়েছে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ