ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২:৫২ অপরাহ্ন

আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার শীর্ষ ধনী হলেন আদানি

হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন দুদিন আগেই। এবার ফের সুখবর পেলেন ভারতের ধনী ব্যবসায়ী গৌতম আদানি। মুকেশ আম্বানিকে পিছনে ফেলে পেলেন এশিয়ার ধনীতম হওয়ার শিরোপা। ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স’ অনুসারে এমনটাই জানা যাচ্ছে।

গত বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় সেবি-র তদন্তের উপরই ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের। যার পর গতি পায় ধনকুবেরের গোষ্ঠীর শেয়ার। বিশেষত আদানি পোর্টস ও অম্বুজা সিমেন্টস পৌঁছে যায় গত ৫২ সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে। আর এবার জানা গেল, এ মুহূর্তে আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৮০ লাখ। তার থেকে সামান্য দূরেই রয়েছেন আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, নিউ ইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে। সেই ধাক্কা সামলে ফের দ্রুত হারে বেড়েছে ওই গোষ্ঠীর বাজার মূলধন। তারই প্রতিফলন ধরা পড়ছে নতুন তালিকায়।

বিশেষত সুপ্রিম কোর্টে স্বস্তি পাওয়ায় আদানির ‘কামব্যাক’ দেখছিল ওয়াকিবহাল মহল। তাকে বলতেও শোনা গিয়েছে, ‘সত্যের জয় হয়েছে। যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবেই ভারতের উন্নয়নের কাজ চালিয়ে যাব।’ এবার এশিয়ার শীর্ষ ধনীর উপাধিও ফিরে পেলেন তিনি। সূত্র: চ্রিবিউন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ