রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর যৌথ অভিযানে নাশকতার অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে।
তবে, রেল খাতের ঠিক কোন কোন ঘটনায় তারা জড়িত বা কোন ট্রেনে তারা নাশকতা বা আগুন দিয়েছে, সে-সম্পর্কে বিস্তারিত জানায়নি র্যাব।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় বিমানবন্দর রেলস্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, বিমানবন্দর রেলস্টেশন এলাকায় আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
‘তারা সামান্য কিছু উৎকোচের বিনিময়ে চলমান হরতাল-অবরোধে রেললাইন ও ট্রেনে নাশকতা করত। সম্প্রতি নেত্রকোণা থেকে তেজগাঁও রেলস্টেশনে আসা একটি ট্রেনের তিন বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মা-শিশুসহ চারজন নিহত হন। নির্মম ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে।
‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা কোনো কুচক্রী মহলের হয়ে স্বল্প টাকার বিনিময়ে অ্যাজেন্ডা বাস্তবায়ন করত। তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করত। কয়েকজনের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



















