আবারও দক্ষিণ আফ্রিকায় খুন হলেন এক বাংলাদেশি। নাম জাহাঙ্গীর আলম রাসেল। গত বুধবার দেশটির হকিস্ট্রিট শহরে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তাকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী।
নিহত জাহাঙ্গীর আলম রাসেল নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই চাটখিল উপজেলার খোয়াজের ভিটি ফাফিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আলমগীর হোসাইন জানান, এক বন্ধুর বাসায় দাওয়াত খাওয়া শেষে নিজের দোকানে ফিরছিলেন রাসেল। পথে সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
এ সময় গুলিবিদ্ধ হন রাসেল। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের ভাই আলমগীর আরও জানান, দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে অবস্থানরত প্রতিবেশীদের মাধ্যমে তিনি রাসেলের মৃত্যুর খবর পান। ভাইয়ের লাশ দেশে আনতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

আলমগীর জানান, নিহত রাসেল ১২ বছর ধরে দক্ষিণ আফ্রিকায়। তিনি দেড় বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন। রাইসা আক্তার নামে তার ৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। আলমগীরের দাবি, ব্যবসায়িক প্রতিহিংসার কারণে রাসেলকে হত্যা করা হয়েছে।
বাংলাদেশি এ যুবকের লাশ দেশে আনার ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান ঢাকা টাইমসকে বলেন, ‘নিহতের পরিবার বিষয়টি এখনো আমাদের জানায়নি। তবে খোঁজখবর নিয়ে সার্বিক সহযোহিতা করা হবে।’


















