ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে স্ট্রিট পার্টিতে গোলাগুলি, হতাহত ১৭

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্ট্রিট পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত আরও ১৫ জন। স্থানীয় সময় শনিবার রাতে মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে হতাহতের এ ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মিশিগান রাজ্য পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৯১১ নম্বরে কল করে একাধিক লোক মধ্যরাতে স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের খবর জানায়, তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল। পার্টিতে অংশ নেয়া লোকজনের মধ্যে ঝগড়া ও সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করে। এতে করে ভিরের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, গুলিবর্ষণের পর লোকজন আতঙ্কে পালিয়ে যাওয়ার সময় যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়েও অনেকে আহত হয়েছেন। গোয়েন্দারা পরে এই ঘটনায় ব্যবহৃত হওয়া ভিন্ন পাঁচটি ক্যালিবারের অস্ত্র খুঁজে পান।

বিবৃতিতে আরও বলা হয়, বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। এছাড়া দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ, অন্যজন ৫১ বছর বয়সী নারী। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ