ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন

ইরানে মদ পানে ১৫ জনের মৃত্যু, গ্রেপ্তার ৬

ইরানে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৮০ জন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে এবং অনেকের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে দেশটির আলবোর্জ প্রদেশে মদ পানের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া প্রসাধনী কারখানা থেকে বিতরণ হওয়ার আগে ছয় হাজার লিটার মদ জব্দ করা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’কে আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি বলেন, এ ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। আর তখন থেকেই দেশটিতে চোরাচালান এবং অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে ইথানলের সস্তা বিকল্প হিসেবে প্রায়শই পানীয়তে মিথানল মেশানো হয়। সম্প্রতি একটি কসমেটিক কারখানা থেকে ৬,০০০ লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে।

এ বিষয়ে ইরানের ফরেনসিক সংস্থা জানায়, এ বছরের মার্চ মাস পর্যন্ত ‘নকল অ্যালকোহলযুক্ত পানীয়’ সেবন করে ৬৪৪ জন মারা গেছে যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণের বন্দর নগরী আব্বাসে বিষাক্ত মদ পান করে আটজন মারা যায়। এছাড়া ২০২০ সালে এ ধরনের পানীয় পান করলে করোনার হাত থেকে মুক্তি মিলবে এমন বিশ্বাসে এই মদ পান করে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ