ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত ব্যাপক ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টি হয়েছে, নিখোঁজ ২০ জনকে খুঁজে পেতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান চলছে।
ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কারা শহরটি, যেখানে জনসংখ্যা ৮,০০০ এর বেশি।
রিও গ্র্যান্ডে দো সুলের গভর্নর, এডুয়ার্ডো লেইট এলাকাটি পরিদর্শন করে জানান, কারা শহরের পরিস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমাদের এখন দ্রুত সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো চিহ্নিত করে ওই অঞ্চলের বাসিন্দাদের সাহায্য করতে হবে।
গত দুই দিনে কর্তৃপক্ষ ২৪০০ জনকে উদ্ধার করেছে জানিয়ে তিনি আরও বলেন, এই মুহুর্তে আমাদের মূল উদ্দেশ্য হল মানুষের জীবন রক্ষা করা। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি, নিখোঁজদের খুঁজে বের করছি এবং পরিবারগুলিকে সব ধরনের সহায়তা দিচ্ছি।

ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা শহরে স্পোর্টস কমপ্লেক্সে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকির জন্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ ।


















