মহাকাশে রকেট উৎক্ষেপণে দ্বিতীয় বার ব্যর্থ পূর্ব এশিয়ার দেশ জাপান। রকেটটির দ্বিতীয় ইঞ্জিনটি চালু হতে ব্যর্থ হওয়ার পর এটি মহাকাশেই ধ্বংস করে দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।
গত মাসে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) তাংশিমা মহাকাশ বন্দর থেকে ১৮৭ ফুট লম্বা এইচ৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়। জাক্সা জানিয়েছে, ইঞ্জিনে ত্রুটির কারণে তারা এটি ধ্বংস করার সিগন্যাল পাঠায়।
এ ঘটনার পর বুধবার এইচ৩ রকেটটির নির্মাতা মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমএইচআই) শেয়ারের মূল্য ১ দশমিক ৮ শতাংশ কমে গেছে।
এইচ৩ রকেটটি এএলওএস-৩ নামের একটি দুর্যোগ ব্যবস্থাপনা স্থল পর্যবেক্ষক স্যাটেলাইট বহন করছিল। ওই স্যাটেলাইটটিতে পরীক্ষামূলক ইনফ্রারেড সেন্সর ছিল। যা উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল।
রকেটটির নির্মাতা এমএইচআই জানিয়েছিল, তাদের এইচ২ রকেট উৎক্ষেপণ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেই অর্থের প্রায় অর্ধেক খরচে এইচ৩ রকেট উৎক্ষেপণ করা সম্ভব হবে। এরমাধ্যমে মহাকাশ গবেষণায় স্পেসএক্সের পুনরায় ব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে এবং আরও বেশি বিনিয়োগ পাওয়া সম্ভব হবে।

এর আগে গত বছরের অক্টোবরে মহাকাশে স্যাটেলাইটবাহী একটি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয় দেশটি। উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিট পরেই স্বংক্রিয় নির্দেশনার মাধ্যমে সেটিকে ধ্বংস করা হয়। কাগোশিমার দক্ষিণ জাপানি প্রিফেকচারের উচিনৌরা স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। সূত্র: বিবিসি।


















