ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন

ভাড়াটে সামরিক বাহিনী তৈরি করতে চান কাদিরভ

রাশিয়ার ভাড়াটে সামরিক গোষ্ঠী ওয়াগনার গ্রুপের মতো বেসরকারি সেনা তৈরি করতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ চেচেন নেতা রমজান কাদিরভ।

এক টেলিগ্রাম পোস্টে রমজান কাদিরভ বলেন, যেভাবে ওয়াগনার সেনা ইউক্রেন যুদ্ধে লড়াই করছে তা অভূতপূর্ব। তাদের এ সফলতা নিজস্ব সামরিক কোম্পানি থাকার প্রয়োজনীয়তার কথা জানান দিয়েছে। তাই তিনিও ভবিষ্যতে এমন সেনা তৈরি করতে চান।

ওয়াগনার গ্রুপ ক্রেমলিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি ব্যক্তিগত সামরিক ঠিকাদার বাহিনী গোষ্ঠী, যারা অর্থের বিনিময়ে রাশিয়া সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করে। ২০১৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই বাহিনীটির একটি বড় অংশ ইউক্রেনের কিছু অংশে লড়াই করছে যা নিয়ে নানা বিতর্কও হয়েছে। রাশিয়া কখনোই এই সেনার যুদ্ধে অংশ নেয়ার কথা সরাসরি স্বীকার করেনি। এবার চেচেন নেতা সরাসরি সে কথা জানিয়ে দিলেন।

তিনি বলেন, রাশিয়ার সরকারি সেনা লড়াইয়ে বিশেষ সুবিধা করতে পারেনি। কিন্তু ওয়্যাগনার সেনা যেভাবে লড়াই করছে, তা দেখার মতো। ভবিষ্যতে তিনিও এমন সেনা বাহিনী তৈরি করতে চান। যারা ওয়াগনার গ্রুপের সঙ্গে প্রতিযোগিতা করবে।

দেশের প্রতি তার কর্তব্য শেষ হলেই নতুন সেনা বাহিনী তৈরির কাজে তিনি মন দেবেন বলে জানিয়েছেন এই চেচেন নেতা।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক রমজান কাদিরভ। ওই বছর তাঁকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তখন থেকে পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত কাদিরভ।

অন্যদিকে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রমজান কাদিরভের চেচেন বাহিনী রুশ বাহিনীর সঙ্গে মিলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ