ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন

সংসদে মোদিকে নিয়ে রাহুলের মন্তব্য মানহানিকর, স্পিকারের দ্বারস্থ বিজেপি

আদানি ইস্যুতে লোকসভায় প্রধানমন্ত্রী মোদিকে মঙ্গলবার কাঠগড়ায় তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । তার এই আক্রমণকে ঘিরে শোরগোল সৃষ্টি হয় সংসদে। এবার তার বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানিয়ে স্পিকারের দ্বারস্থ হল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুল যা বলেছেন তা অবমাননাকর এবং অশালীন।

মঙ্গলবার লোকসভায় রাহুল বলেছিলেন, ২০১৪ সালের আগে গৌতম আদানি বিশ্বের ধনীদের তালিকায় ৬০৯ নম্বরে ছিলেন। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই কী যে জাদু হল, আদানি দুই নম্বরে পৌঁছে গেলেন। এসময় তিনি মোদী এবং আদানির একটি ছবিও তুলে ধরেন।

সংসদে বক্তৃতায় রাহুল বলেন, মানুষ আমার কাছে জানতে চাইছেন, সব ব্যবসাতেই আদানি ঢুকে পড়েন কী করে এবং প্রতি ক্ষেত্রেই কীভাবে অতিসহজেই শিল্পগোষ্ঠীটি সফল হয়। মোদি ও আদানির মধ্যে কী সম্পর্ক রয়েছে সরকারের কাছে তা জানতে চাই আমি।

রাহুলের এই ধরনের মন্তব্যের পরই লোকসভার কক্ষে বিজেপি সাংসদদের হইহই করতে দেখা যায়। তারা অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস নিজেই টাটা, বিড়লা এবং অম্বানীদের মতো বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীকে সমর্থন করে এসেছে।

আইনমন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেস নেতাকে আক্রমণ করে বলেন, প্রমাণ ছাড়া এভাবে অভিযোগ তুলবেন না।

পরিস্থিতি সামাল দিতে স্পিকার ওম বিড়লা বলে ওঠেন, কক্ষের ভিতরে পোস্টারবাজি চলবে না। পরে সাময়িক ভাবে অধিবেশন মুলতুবি করে দেন তিনি। পরে অবার অধিবেশন শুরু হয়। কিন্তু বিতর্কের আঁচ যে কমেনি তা বোঝা গেল স্পিকারকে লেখা বিজেপির চিঠি থেকে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তার দাবি, রাহুল কক্ষকে বিভ্রান্ত করেছেন এবং কোনও প্রমাণ ছাড়াই মোদিকে ‘পুঁজিবাদী’ বলে তোপ দেগেছেন। তিনি আরও লিখেছেন, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করার সময় রাহুল গান্ধী লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিবৃতি রেখেছেন তা যাচাইবিহীন, অপরাধমূলক এবং মানহানিকর। এই ধরনের মন্তব্যকে অসংসদীয় বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ