ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ইরানে বিক্ষোভে জড়িত থাকায় আরও তিন জনের মৃত্যুদণ্ড

ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগে আরও তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

সোমবার নতুন করে তিনজনকে মৃত্যুদণ্ড দেয়ার কথা জানিয়েছে ইরানের বিচার বিভাগ। এ নিয়ে এখন পর্যন্ত বিক্ষোভে সংশ্লিষ্ট ঘটনায় ১৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে আছেন চিকিৎসক, র্যাপার, কারাতে চ্যাম্পিয়ন, নাপিত ও অভিনেতা। খবর ডন।

কঠোর হাতে বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা উপেক্ষা করে ইরানের বিচার বিভাগ ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগে ওই তিনজনকে মৃত্যুদণ্ড দিল। খবর ইরান ইন্টারন্যাশনাল

এর আগে গত শনিবার ইরান মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসি দেয়া হয়। বিক্ষোভের সময় ইরানের আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

এবার মৃত্যুদণ্ড পাওয়া তিনজন হলেন- সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগৌবি।

ইরানে নারীদের জন্য থাকা কঠোর পোশাকবিধি ঠিকঠাক না মানার অভিযোগে আটক ২২ বছরের তরুণী মাশাকে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে আটকের পর পুলিশি হেফাজতে তিনি মারা গেলে তার দাফনের দিন থেকে তার শহরে বিক্ষোভ শুরু হয়, যা কয়েকদিনের মধ্যে ইরানজুড়ে কট্টর পোশাকবিধি ও ইসলামি শাসনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভে রূপ নয়।

বিক্ষোভে এখন পর্যন্ত ৫১৬ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। তবে এইসব সমালোচনার ঝড়ের মধ্যেও সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, রাষ্ট্রের অবস্থান নমনীয় করার কোনও ইচ্ছা নেই। টিভিতে এক ভাষণে তিনি বলেন, “যারা জনসমাগম এলাকায় আগুন দিচ্ছে, ইসলিামিক আইনে তারা সন্দেহাতীতভাবেই দেশদ্রোহ সংঘটিত করছে। আর দেশদ্রোহের শাস্তি মৃত্যু।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ