নববর্ষের রাতে মৃত্যু হয়েছে বিতর্কিত পোপ ষোড়শ বেনেডিক্টের। তার বয়স হয়েছিল ৯৫ বছর। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, পোপকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভ্যাটিকানের দরজা খুলে দেয়া হবে। আগামী বুধবার পর্যন্ত পোপ ষোড়শ বেনেডিক্টের দেহ রাখা থাকবে ভ্যাটিকানে। প্রায় সাত লাখ মানুষ আসতে পারেন বলে মনে করা হচ্ছে। বহু মানুষ সোমবারই তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
ভ্যাটিকান জানিয়েছে, সোমবার ভ্যাটিকানের দরজা খোলা রাখা হয়েছিল ১০ ঘণ্টা. তবে মঙ্গল ও বুধবার দরজা ১২ ঘণ্টার জন্য খুলে রাখা হবে। এরপর তার শেষকৃত্যের আয়োজন হবে। ভ্যাটিকানের ভিতর তার দেহ শায়িত থাকবে। তবে শেষকৃত্যের সমস্ত তথ্য এখনো প্রকাশ করেনি ভ্যাটিকান। এর আগে পোপ জন পলের শেষকৃত্যে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছিল। বিশ্ব নেতারা ভ্যাটিকানে গেছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
জার্মানি এবং ইটালিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে বলেই মনে করা হচ্ছে। কারণ পোপ জার্মানির বাভারিয়ার মানুষ। সেখানেই তার ধর্মযাজকের জীবন শুরু। পরে তিনি ইটালিতে চলে আসেন। পোপ ষোড়শ বেনেডিক্ট নানা কারণে আলোচিত ব্যক্তিত্ব। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
একদিকে মনে করা হয়, খ্রিস্টান থিয়োলজিতে তার মতো পণ্ডিত্ব খুব কম মানুষের আছে। আবার অন্যদিকে তিনি গোড়া, রক্ষণশীল। তার সময়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। জার্মান চার্চে যৌন নির্যাতনের কথা সামনে এসেছে। তবে বেনেডিক্ট সরাসরি তা নিয়ে কখনোই কথা বলতে চাননি। ফলে অনেকেই মনে করেছেন, বেনেডিক্ট তথ্য গোপনের চেষ্টা করছেন।
জার্মান নাগরিক জোসেফ রেটজিঙ্গার ২০০৫ সালের ১৯ এপ্রিল কার্ডিনাল থেকে ষোড়শ বেনেডিক্ট নামে পোপ নির্বাচিত হন। দায়িত্বগ্রহণের পরপরই তিনি তার পূর্বসূরি জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় সভাপতিত্ব করেন।

পোপ হওয়ার পর মাত্র আট বছরের মাথায় ৮৫ বছর বয়সে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি। এত কম সময়ের মধ্যে বেনেডিক্টের পদত্যাগের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্যাথলিকদের অবাক করে দেয়।
বেনেডিক্টের পদত্যাগের ঘটনা ক্যাথলিক ইতিহাসে তার আগের ৬০০ বছরের মধ্যে প্রথম। বেনেডিক্টের পদত্যাগের আগে ১৪১৫ সালে পদত্যাগ করেছিলেন পোপ সপ্তম গ্রেগরি।
সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে


















