ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

চীনে সংক্রমণ বেড়ে যাওয়ায় ডব্লিউএইচও’র উদ্বেগ

চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, চীনে এত করোনা সংক্রমণ আগে কখনো দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন।

স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ উদ্বেগ প্রকাশ করেন। খবর রয়টার্স।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘চীনে বর্তমানে ঝুঁকিতে থাকা মানুষদের করোনার টিকা দেয়ায় ক্ষেত্রে দেশটিকে সহায়তা করছে ডব্লিউএইচও। এ ছাড়া দেশটির জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় সহায়তা করার প্রস্তাব দিয়েছে ডব্লিউএইচও।’

তথ্য বলছে, ২০২০ সাল থেকে ‘শূন্য কভিড নীতির’ আওতায় চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। সম্প্রতি ওই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন দেশটির অনেক শহরের বাসিন্দারা। এরপর চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে।

দেশটির ক্ষমতাসীন সরকার বলছে, চীনে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে। দেশটির জনসংখ্যা বিবেচনায় মৃত্যুর এ পরিমাণ বিভিন্ন দেশের তুলনায় অনেক কম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ