ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

ফের স্কুল বন্ধ হচ্ছে সাংহাইয়ে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে ফের আগামী সোমবার (১৯ ডিসেম্বর) থেকে স্কুল বন্ধ থাকবে। নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) দেশটির শিক্ষাবিভাগের কর্তৃপক্ষ উইচ্যাটে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই পোস্টে বলা হয়েছে, শহরের স্নাতক শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষার্থীরা অবশ্যই আগামী সপ্তাহ থেকে বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করতে হবে। শহরের কিন্ডারগার্টেনগুলোও বন্ধ থাকবে।

জানা গেছে, বেইজিংয়েও করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সাংহাইতে আরো বেশি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এরইমধ্যে সেখানে বেশ কিছু মানুষ ও তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।

করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ পরিহার করে কোভিড-১৯’কে সাধারণ ফ্লু ও সর্দি-কাশির সাথে তুলনা করছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান এপিডেমিওলজিস্ট উ জুনিউরের মতে, দেশটি এখন থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত তিনটি ধাপে সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।

বেইজিং ইয়ুথ ডেইলির প্রতিবেদনে উ জুনিউর বলেছেন, চীনের জনসংখ্যার ১০ থেকে ৩০ শতাংশ সংক্রামিত হওয়ার শঙ্কা রয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে প্রধানত শহরগুলোতে করোনা সংক্রমণ বাড়বে। আসন্ন জানুয়ারি মাসে শীতকালীন ছুটিতে চীনে অবস্থানরত বিদেশি ও স্থানীয়রা যার যার বাড়িতে যাবেন। এতে করোনা আরো ছড়িয়ে পড়তে পারে।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে তৃতীয় ধাপে করোনার সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। সেসময় চীনে বসবাসকারীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে আসবে।

সূত্র: ব্লুমবার্গ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ