মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গভীর রাতে ভূমিধসের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫৩ জনকে উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে অনেকে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
শুক্রবার রাজধানীর সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে ভূমিধসের ঘটনাটি ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৩ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে বিভাগটি জানিয়েছে। এই ঘটনায় ৮ জন নিহত হওয়া ছাড়াও সাতজন আহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা।
সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।
শুক্রবার সকালে মালয়েশিয়ার প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী নিক নাজমি নিক আহমেদ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, আমি প্রার্থনা করছি যে, নিখোঁজদের যেন শিগগিরই নিরাপদে খুঁজে পাওয়া যায়। উদ্ধার দল শুরু থেকেই কাজ করছে। আমি আজ সেখানে যাচ্ছি।

কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে গেনটিং হাইল্যান্ডসের জনপ্রিয় পাহাড়ি এলাকার বাইরে বিপর্যয়কর এই ঘটনাটি ঘটে। এই এলাকাটি রিসোর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
উল্লেখ্য, সেলাঙ্গর হলো মালয়েশিয়ার সবচেয়ে ধনী রাজ্য এবং এর আগেও রাজ্যটি ভূমিধসের শিকার হয়েছে। এই অঞ্চলে এখন বর্ষা মৌসুম চলছে তবে সেখানে গত রাতে কোনও ভারী বৃষ্টি বা ভূমিকম্প রেকর্ড করা হয়নি।


















