চিলির উত্তরাঞ্চলের আন্দিজ পর্বতমালায় অবস্থিত লাস্কার আগ্নেয়গিরিটি শনিবার সক্রিয় হয়ে ওঠে। এরফলে এই অঞ্চলে বেশ কয়েকটি হালকা ভূমিকম্প অনুভূত হয় এবং আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া ও ছাই আকাশে দিকে ৬ কিলোমিটার (প্রায় ২০ হাজার ফুট) ওপরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
চিলির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং সার্ভিস (সার্নাজিওমিন) জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টায় লাস্কার আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়। যার ফলে আগ্নেয়গিরি থেকে বিপুল পরিমাণে ছাই এবং বিষাক্ত গ্যাস সমন্বিত ধোঁয়া ছরিয়ে পড়ে। সার্নাজিওমিনের বিশেষজ্ঞরা সাইট পর্যবেক্ষণ করছেন।
আশেপাশের এলাকায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্কতার স্তরকে ‘সবুজ’ থেকে ‘হলুদ’ এ উন্নীত করেছে, যা আগ্নেয়গিরির ভয়াবহতার ইঙ্গিত দেয়। আগ্নেয়গিরির চারপাশে পাঁচ কিলোমিটারের (তিন মাইল) মধ্যে প্রবেশ না করার বিষয়ে সর্তকতা জারি করেছে কতৃপক্ষ। এছাড়াও এই অঞ্চলে বিমান চলাচলেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আগ্নেয়গিরিটি থেকে ১২ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছোট শহর আন্তোফাগাস্তার তালাব্রের বাসিন্দারা শনিবার দুপুরের দিকে প্রথম লাস্কার আগ্নেয়গিরিটির সাক্রিয় হয়ে ওঠার বিষয়টি লক্ষ্য করেছিলেন।
চিলির উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৫ হাজার মিটার উচ্চতায় লাস্কার আগ্নেয়গিরিটি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান সান পেদ্রো দে আতাকামা মরুভূমি থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা ট্রেকিং, অপেশাদার জ্যোতিবিজ্ঞানী ও পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। সর্বশেষ ১৯৯৩ সালে লাস্কার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। কিন্তু ২০০৬ এবং ২০১৫ সালেও হালকা উদগীরণ হয়েছিল।

সূত্র: বিবিসি, এএফপি


















