ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেছেন।
এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাইসি বলেন, ইউরেশীয় দেশগুলোর মধ্যে সংযোগ সড়কের উন্নয়নসহ অবকাঠামোগত বন্ধনের সম্প্রসারণ এ অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে।
এ সময় পুতিন বলেন, নর্থ-সাউথ করিডোর পণ্য পরিবহণের খরচ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ট্রানজিট রুটটি বিশ্বে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কার্যকর উপায়ে পরিণত হবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে।

শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের ফোনালাপে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি পরিবহণ এবং লজিস্টিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দিয়েছেন।দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে একটি শিয়া ধর্মীয় স্থাপনায় হামলায় ১৫ জন নিহত ও ৪০ জন আহত হওয়ার ঘটনায় সহানুভূতি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।

















