টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সোমবার (৩১ অক্টোবর) আগে ব্যাট করে আইরিশদের বিপক্ষে ১৭৯ রান করেছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিততে হলে আয়ারল্যান্ডকে ১৮০ রান করতে হবে।
এর আগে ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কোভিড কাটিয়ে অজিদের দলে ফিরেছেন অ্যাডাম জাম্পা।
ব্যাটিংয়ে নেমে ৫ চার ও ৩ ছয়ে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুতে ধীরগতিতে রান তোলে অস্ট্রেলিয়া।
গত কয়েক ম্যাচের মতো আজও বড় স্কোর করতে পারেননি ডেভিড ওয়ার্নার। ব্যারি মাকার্থির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন মাত্র ৪ রানে। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ৩৮ রান করে স্বাগতিকরা।
মিডল ওভারে রানের গতি কিছুটা বাড়ান মিচেল মার্শ ও অ্যারন ফিঞ্চ। তবে সে জুটিকে বেশি বড় হতে ম্যাকার্থি। ২৮ রান করা মার্শকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফেরান বাঁহাতি এ পেসার। ৯ বলে ১৩ রান করে ম্যাক্সওয়েলও ফিরেছেন দ্রুতই।

চতুর্থ উইকেট ঝড় তোলেন অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়িনিস। তাদের ৩৬ বলের জুটি থেকে এসেছে ৭০ রান। ভয়ংকর হয়ে ওঠা এ জুটিও ভাঙেন ম্যাকার্থি, ফিঞ্চকে ফিরিয়ে। শেষদিকে টিম ডেভিডে ১৫ রানের ক্যামিও ইনিংসে ২০ ওভারে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ম্যাকার্থি। ২টি উইকেট গেছে জশ লিটলের ঝুলিতে।


















