যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারাতে পারে আশঙ্কা করছে হোয়াইট হাউস। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে, কয়েক মাস আগেও জনমত জরিপেও সেনেটের যেসব আসনে ডেমোক্র্যাটদের ভালো ব্যবধানেই এগিয়ে থাকতে দেখা যাচ্ছিল সেখানে উচ্চ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ ভোটারদের বড় অংশ রিপাবলিকানদের দিকে ঝুঁকছে।
ফাইভ থার্টি এইট সহ পোলিং বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকানদের জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। বাইডেন এবং তার অনেক মিত্র ও উপদেষ্টারা চলতি বছরের শুরুতেও মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দখল ডেমোক্র্যাটরা ধরে রাখতে পারবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে বাইডেন স্বীকার করেছেন যে আসন্ন মধ্যবর্তী নিবার্চন ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।
এদিকে রিপাবলিকানরা যদি কংগ্রেসের উভয় কক্ষে জয় পেতে সক্ষম হয় তবে তারা বাইডেনের অবশিষ্ট মেয়াদকে কঠিন করে তুলবে বলে আশা করা হচ্ছে। তখন রিপাবলিকানরা পারিবারিক ছুটি, গর্ভপাত, পুলিশে সংস্কারসহ যেসব ইস্যুতে বাইডেন অগ্রাধিকারভিত্তিতে আইন প্রণয়ন করতে চান সেগুলো আটকে দিতে পারবে। পাশাপাশি তারা অভিবাসন ও ব্যয় কমানোর মতো আইন প্রণয়নে চাপ বাড়াতে পারে বলেও আশা করা হচ্ছে।
এছাড়াও রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রক হয়ে উঠলে তারা ডেমোক্র্যাট প্রশাসনের বিভিন্ন খাতে ব্যয় এবং প্রেসিডেন্টের ছেলে হান্টারের ব্যবসায়িক লেনদেন ও ব্যক্তিগত জীবন নিয়ে তদন্তে নামারও সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে কিছু আইনপ্রণেতা বলেছেন যে রিপাবলিকানরা বাইডেনের মন্ত্রিসভার সদস্য বা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিশংসন করার আশা করছেন।
বাইডেনের একজন উপদেষ্টা রয়টার্সকে বলেছেন, ডেমোক্র্যাটদের সেনেটের নিয়ন্ত্রণ রাখার সম্ভাবনা ৫০-৫০ হিসাবে দেখা গেছে। তিনি আরও বাইডেন এবং তার উপদেষ্টারা মনে করেন যে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণে নেয়ার জন্য যথেষ্ঠ উপকরণ রয়েছ। এছাড়াও হোয়াইট হাউসও যে কোনও বাধা বা তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী 8 নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র: রয়টার্স


















