রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কংগ্রেস সভাপতি পদ থেকে বাদ দেয়া হয়েছে। তার প্রতি অনুগত বিধায়কদের বিদ্রোহের জেরে দলটির শীর্ষ নেতৃত্ব এই পদক্ষে নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
শীর্ষ নেতৃত্বকে আগেই জানিয়ে দিয়েছিলেন অশোক গেহলট। তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান না। দলের সভাপতি হতে তিনি রাজি, তবে তাকে দুইটি পদে থাকতে দিতে হবে। রাহুল গান্ধী সেই দাবি খারিজ করে দেন। এরপর রাজস্থানের ৯০ জন কংগ্রেস বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, অশোক গেহলটকেই তারা মুখ্যমন্ত্রী হিসাবে চান। গেহলট মুখ্যমন্ত্রী না থাকলে তারা সরকারকে সমর্থন করবেন না।
আর অশোক গেহলটও জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে। তার আর এখন কিছু করার নেই। বিধায়কেরা খুবই রেগে গেছেন। তারা কিছুতেই শচিন পাইটকে মুখ্যমন্ত্রী হতে দিতে রাজি নন।
এদিকে জানা গেছে, রাজস্থানের কংগ্রেস বিধায়কদের আচরণে ক্ষুব্ধ দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। যদিও গেহলটের দাবি, কংগ্রেস বিধায়কদের এই ‘বিদ্রোহে’ তার কোনও হাত নেই। জানা গিয়েছে, কংগ্রেস সভাপতির দৌড়ে রয়েছেন মুকুল ওয়াসনিক, মল্লিকার্জুন খাড়গে, দিগ্বিজয় সিং, কেসি ভেনুগোপাল।
এই অবস্থায় কংগ্রেসের দুই পর্যবেক্ষক রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাজস্থানের দায়িত্বে থাকা অজয় মাকেন জয়পুর গেছেন। তারা বিধায়কদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চান।

দুইশ সদস্যের রাজস্থান বিধানসভায় কংগ্রেসের বিধায়কসংখ্যা ১০৮। এছাড়া ১৩জন নির্দল বিধায়ক সরকারকে সমর্থন করছেন। এখন এই ১০৮-এর মধ্যে ৯০ জন গেহলটের পক্ষে। ফলে শচিন পাইলট বিধায়কদের সমর্থন পাওয়ার প্রশ্নে অনেকটাই পিছিয়ে।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস


















