ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ২:১৩ অপরাহ্ন

আগামীকাল শেষ হচ্ছে চেলসি বিক্রির সব কার্যক্রম

যাচাই বাছাইয়ের পর বিভিন্ন শর্তের সঙ্গে একমত হওয়ায় গত ৭ মে আমেরিকান ব্যবসায়ী টড বোয়েলির নেতৃত্বাধীন গ্রুপের কাছে ইংলিশ ক্লাব চেলসি বিক্রি করা হয়।

এতে ইতি ঘটে রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের সঙ্গে ক্লাবটির দুই দশকের পথচলা। বোয়েলির সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও প্রিমিয়ার লিগ ও যুক্তরাজ্য সরকারের অনুমোদন বাকি ছিল। অবশেষে সেটিও সম্পন্ন হলো।

গত ২৪ মে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ২৫ মে যুক্তরাজ্য সরকার বোয়েলির মালিকানায় অনুমোদন দিয়েছে। পর্তুগিজ সরকারও এই বিক্রির অনুমোদন দিয়েছে।

পর্তুগালের অনুমোদনের প্রয়োজন ছিল কারণ, আব্রামোভিচ ইউরোপের দেশটির পাসপোর্ট ধারণ করছেন। আগামীকাল সোমবার শেষ হবে চেলসি বিক্রির এর সব ধরনের কার্যক্রম। খবর বিবিসি।

ক্লাবটি কিনতে টড বোয়েলির নেতৃত্বে ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার ও হ্যানসজর্গ ওয়েসদের খরচ হয়েছে ৪২৫ কোটি পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার ৩৩০ কোটি টাকা। রয়টার্সের খবরে জানা গেছে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক ক্লিয়ারলেক ক্যাপিটাল প্রাইভেট ফার্ম ক্লাবটির বেশিরভাগ শেয়ারের মালিক হবে।

ফুটবল ক্লাব চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, চেলসি ফুটবল ক্লাব নিশ্চিত করেছে, গত শুক্রবার ক্লিয়ারলেক ক্যাপিটাল কনসোর্টিয়ামের পক্ষে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছেন টড বোয়েলি। সোমবার লেনদেন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এতে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আব্রামোভিচের চেলসি অধ্যায়। ২০০৩ সালের জুনে ব্রিটিশ ব্যবসায়ী কেন ব্যাটস থেকে ১৪ কোটি পউন্ডে (১৪০ মিলিয়ন) ফুটবল ক্লাব চেলসিকে ক্রয় করেন তিনি ।

কিন্তু সম্প্রতি ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের কারণে যুক্তরাজ্য সরকার নাখোশ হোন দেশটির ওপর। যার কারণে রাশিয়ান ধনকুবের এবং তাদের ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ করা হয় যুক্তরাজ্যে।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের সঙ্গে সখ্যতার অভিযোগ আনা হয় চেলসির মালিক আব্রামোভিচের বিরুদ্ধে। যার প্রভাব পড়ে এই ধনকুবেরের ব্যবসা-বাণিজ্যে। নিষিদ্ধ হন যুক্তরাজ্যে এবং বিক্রি করতে বাধ্য হন চেলসি।

আব্রামোভিচের ১৪০ মিলিয়ন পাউন্ডে কেনা সেই ক্লাবটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ২.৫ বিলিয়ন পাউন্ডের বেশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ