ঈদ কিংবা অন্যসময় বাংলা সিনেমা মানেই শাকিব খানের দাপট! এই ঘটনা গত ১৫ বছর ধরে ঘটে আসছে। এমনও ঈদ গেছে, যে ঈদে শাকিব অভিনীত ৪-৫টি সিনেমা মুক্তি পেয়েছে! আর বেশিরভাগেই পেত ব্যবসায়িক সাফল্য।
এখন সিনেমা নির্মাণ ও হলসংখ্যা কমে যাওয়ায় অন্যদের যেখানে ছবিই মুক্তি পাচ্ছে না, সেখানে আসন্ন ঈদে দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের। ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ শিরোনামে শাকিবের সিনেমা দুটি ঈদের মুক্তির প্রহর গুনছে।
সিনেমা হলের মালিকদের চাহিদায় ইতিমধ্যে ছবি দুটির হল বুকিং শুরু হয়েছে। এদিকে সিনেমা দুটির অফিশিয়াল পোস্টার প্রকাশ হয়েছে। দুটি পোস্টারই দর্শকের নজরে এসেছে। পোস্টার বলে দিচ্ছে, শাকিবের এই সিনেমা দুইটি দুই ধরনের।
করোনার কারণে অনেকটা মলিন ছিল দেশের সিনেমা অঙ্গন। চলচ্চিত্র ব্যবসার সাথে জড়িতদের মতে, লোকসান গুণতে গুণতে তাদের নাভিশ্বাস প্রায়! কোনো ছবি দর্শক দেখছে না! তাই এই মন্দা কাটাতে তারা তাকিয়ে আছেন শাকিব খানের ছবির দিকে।
সিনেমা হল মালিকরা মনে করেন, হলে হলে আবার উপচেপড়া ভিড় এবং দর্শকদের হলমুখী করতে ‘শাকিব ছাড়া উপায় নেই’! সিনেমা হলের মালিকদের প্রত্যাশা, শাকিবের দুটি সিনেমা দর্শককে টানবে। সিনেমা দুটি টক্কর দিয়ে ঈদে সিনেমা হলে প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘গলুই’ সরকারি অনুদান প্রাপ্ত ছবি। পরিচালনা করেছেন এসএ হক অলিক। প্রকাশিত পোস্টার প্রসঙ্গে পরিচালক অলিক বলেন, ‘আরো একটি পোস্টার দু’দিন পর অনলাইনে প্রকাশ করা হবে।’


















