ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

টেস্ট সিরিজে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তান ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো পাকিস্তান।

সিরিজ জয়ে বিশ্বকাপ সুপার লিগে ১১ ম্যাচে পাঁচ জয় ও ছয় হারে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে পাকিস্তান। আর ১১ ম্যাচে সাত জয় ও চার হারে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচে ১২ জয় ও ছয় হারে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

গতকাল শনিবার (২ এপ্রিল) লাহোরে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে বোল্ড করেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারে আরেক ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে খালি হাতে বিদায় দেন পেসার হারিস রউফ। স্কোর বোর্ড সচলের আগেই দুই ওপেনারকে হারায় অজিরা। দলীয় ছয় রানে প্যাভিলিয়নে ফিরেন মার্নাস লাবুশেন। রউফের দ্বিতীয় শিকার হয়ে চার রানে থামেন তিনি।

টপ-অর্ডারের ব্যর্থতা মুছতে পারলেও, বড় ইনিংস খেলতে পারেননি অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ব্যাটাররা। ফলে ৪১ দশমিক ৫ ওভারে ২১০ রানে শেষ হয় অজিদের ইনিংস। হাফসেঞ্চুরি তুলে ৫৬ রানে থামেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৪০ বলে ৪৯ রান করেন অলরাউন্ডার সিন অ্যাবট। এছাড়া ক্যামেরুন গ্রিন ৩৪ ও বেন ম্যাকডারমট ৩৬ রান করেন। পাকিস্তানের রউফ ও মোহাম্মদ ওয়াসিম তিনটি করে উইকেট নেন।

সিরিজ জিততে ২১১ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে। চতুর্থ ওভারে ওপেনার ফখর জামানকে হারালেও, দ্বিতীয় উইকেটে ২০৫ বলে অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়েন আরেক ওপেনার ইমাম উল হক ও অধিনায়ক বাবর আজম। এতে ৭৩ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ