বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওন ঢাকায় এসেছেন। শনিবার (১২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে শুধু সানি লিওন নন, ঢাকায় এসেছেন বলিউড-টালিউডের একাধিক জনপ্রিয় তারকা।
তাদের মধ্যে আছেন বলিউডের নারগিস ফাখরি, কৈলাশ খের, ‘কাঁটা লাগা’ খ্যাত গায়িকা শেফালি। এ ছাড়াও এসেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। তাদের সঙ্গে এসেছেন নায়ক যশ দাশগুপ্ত। এছাড়া সানি লিওনের সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।
জানা গেছে, বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই তারা সকলে ঢাকায় এসেছেন। একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় তারকারা। আজ রোববার (১৩ মার্চ) আবার ভারতে ফিরে যাবেন তারা।
শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সেই বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে বাংলাদেশের শোবিজের একাধিক তারকাকেও দেখা গেছে। ভিডিওতে সানির সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।



















