একটি তথ্যচিত্র নির্মাণের জন্য ইউক্রেনে অবস্থান করছেন হলিউড অভিনেতা ও নির্মাতা শন পেন। কেবল তা-ই নয়, সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। প্রেসিডেন্টের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার ছবি প্রকাশ হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, শন পেন রাশিয়ার আগ্রাসনের বিষয়ে বিশ্বকে সত্য জানাতে তাদের দেশে এসেছেন।
অস্কারজয়ী অভিনেতা শন পেন ২০২১ সালের নভেম্বরে ইউক্রেনে গিয়ে এ তথ্যচিত্রের পরিকল্পনা করেছিলেন। ইউক্রেনের যৌথ বাহিনীর সঙ্গে তার ছবিও প্রকাশিত হয়েছিল। সে সময় দেশটির সামরিক বাহিনীর একটি ফেসবুক থেকে জানানো হয়েছিল, পেন সংঘাতের ওপর একটি তথ্যচিত্রে কাজ করছেন।
ভাইস স্টুডিওর প্রযোজনা এবং ভাইস ওয়ার্ল্ড নিউজ ও এন্ডেভর কনটেন্টের সহযোগিতায় তথ্যচিত্রটি নির্মাণ হচ্ছে। তথ্যচিত্র নির্মাণের বিষয়টি ভাইস মিডিয়া গ্রুপের এক প্রতিনিধি নিশ্চিত করলেও এ প্রকল্পে পেনের জড়িত থাকার বিষয়ে কিছু বলেননি। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া বক্তব্যে বলা হয়েছে, ‘নির্মাতা বিশেষভাবে কিয়েভে এসেছেন এখানে ঠিক কী হচ্ছে তা দেখতে। দেশটির ওপর রাশিয়ার আগ্রাসনের সত্য তিনি প্রকাশ করতে চান।’
অভিনেতা ও নির্মাতার পাশাপাশি চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও শন পেন খ্যাতিমান। মিস্টিক রিভার (২০০৩) ও মিল্ক (২০০৮) ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন পেন। বর্তমান পদক্ষেপের জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস বলেছে, ‘এমন সাহস ও সততা প্রদর্শনের জন্য তার কাছে আমাদের দেশ কৃতজ্ঞ।’



















