ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২:২৭ পূর্বাহ্ন

৪.০৮ পূজা চেরি ও দীঘি ৩.৭৫ পেয়ে পাস করেছেন

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ৪.০৮ নিয়ে পাস করেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) এই ফল প্রকাশ করা হয়। পূজা চেরি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন।

এই ফল পেয়েও দারুণ খুশি পূজা। বলেন, ‘পরীক্ষার আগে আমি টানা শুটিং করেছি। তারপর পরীক্ষায় অংশ নিয়েছি, স্বাভাবিকভাবে এই ফলে আমি সন্তুষ্ট। বাবা-মা, পরিবারের সবাই খুশি। তবে মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’

পূজা আরও জানিয়েছেন, ভবিষ্যতে আইন নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। সামনে সেভাবেই পরিকল্পনা সাজাবেন।

উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শান’ ও ‘হৃদিতা’। সম্প্রতি তিনি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার। যেখানে তার নায়ক রোশান।

অন্যদিকে, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। প্রকাশিত ফলাফলে জিপিএ ৩.৭৫ নিয়ে পাস করেছেন এই তারকা। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন দীঘি।

রোববার দুপুরে দীঘি নিজেই এইচএসসি পাসের খবরটি নিশ্চিত করেন। বলেন, ‘আমি এ মাইনাস পেয়েছি, আমার প্রাপ্ত জিপিএ ৩.৭৫। এতেই আমি অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা, তার মধ্যে করোনার প্রভাব। তারপরও যে ফল পেয়েছি তা আমার জন্য ভালোই বলতে হবে।’

দীঘি আরও জানান, এখন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা তার। সেই লক্ষ্যে বেশ কিছদিন ধরে কোচিং করছেন বলেও জানান তিনি।

দীঘির এইএসসির ফল এসএসসির চেয়ে কিছুটা ভালো হয়েছে। এসএসসিতে তিনি পেয়েছিলেন ৩.৬১ আর এইচএসসি পেলেন ৩.৭৫।

উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। এরপর তিনি আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এই অভিনেত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ